রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মীকে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর কর্মী ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনকে (৬৫) নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
”শনিবার (৭ মার্চ) রাতে মোহনপুরের সাঁকোয়া গ্রামে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নিয়োগ নিয়ে আলোচনার সময় পরিকল্পিতভাবে জামায়াত কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে গেলে মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায় দুর্বৃত্তরা, যার ফলে তিনি মৃত্যুবরণ করেন। একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ঘটনার বিবরণ:
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাঁকোয়া ঈদগাহ মাঠে ইমাম নিয়োগের বৈঠক চলাকালে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৈঠকের একপর্যায়ে হামলাকারীরা মো. আলাউদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার বুকের ওপর উঠে বসে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে একে ‘স্ট্রোক’ বলে ধারণা করলেও নিহতের পরিবার ও জামায়াত একে ‘পরিকল্পিত হত্যা’ হিসেবে দাবি করেছে।
দাবি ও শোক প্রকাশ:
জামায়াত নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে তারা নিহত মো. আলাউদ্দিনের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই বিক্ষুব্ধ জামায়াত কর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এহসানল মাহবুব জুবায়ের বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দায়ীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
জেইউ/এমএন

